বিএনপি হলো ‘শীতের পাখি’: হাছান মাহমুদ
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হলো শীতের পাখি। শীতকালে যখন সাইবেরিয়ার হিমালয় থেকে পাখি আসে, মাছ খায়, ধান খায়, মোটাতাজা হয়; তেমনি বিএনপি নির্বাচন এলে নমিনেশন বাণিজ্য করে মোটাতাজা হয়। বিএনপিকে সারা বছর দেখা যায় না, কিন্তু নির্বাচন এলে দেখা যায়।’
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে তিনি এসব বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা নেত্রীর নির্দেশে উত্তরবঙ্গের শীতার্তদের কম্বল দিতে এসেছি। এখানে বিএনপিকে দেখা যায়নি। মির্জা ফখরুলের বাড়ি উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে। তারা একটি কম্বলও বিতরণ করেনি।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা যখন সরকার গঠন করি তখন বাংলাদেশ ছিল ৬০তম অর্থনীতির দেশ। আজ বাংলাদেশ ৩৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ ২৫টি দেশকে পেছনে ফেলে এগিয়ে এলেও তারা (বিএনপি) ষড়যন্ত্র বন্ধ করেনি। শুধু অর্থনীতিতে নয়, দেশ এখন সামরিক শক্তিতেও এগিয়ে। দেশ এখন পৃথিবীর মধ্যে ৪০তম সামরিক শক্তির দেশ।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর অঞ্চলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মাধ্যমে প্রায় ২৭ হাজার কম্বল বিতরণ করেন।
এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাজান খান উপস্থিত ছিলেন।
ইউডি/এ

