টয়লেটে সন্তান জন্ম দিয়ে ছুড়ে ফেলে হত্যা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০
বিবাহবহির্ভূত সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরী টয়লেটে সন্তান জন্ম দেন। পরে সেই সন্তানকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেন তিনি। এরপর শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনা ঘটেছে ইন্ডিয়ার মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের নবী মুম্বাইয়ে। নিজের কাজিনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই কিশোরী।
এনআরআই কোস্টাল পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর উত্তম জাগদালে বলেছেন, ওই শিশুটিকে এনএমএমসি হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়। আর তার কিশোরী মাকে এনএমএমসির মিনাতাই থাকরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এজাহারে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি রাতে নাইট ডিউটিতে ছিলেন বিট মার্শাল কন্সটেবল সন্তোষ খান্ডারে ও মাদান। তখন একজন অটোরিকশাওয়ালা তাদের জানান, উলউয়ে একটি বিল্ডিংয়ের পাশে একটি নবজাতক পড়ে রয়েছে। তারা বিষয়টি এপিআই গণেশ যাদবকে জানান।
পরে এপিআই যাদব একটি টিম নিয়ে ঘটনা তদন্তে যান। সেখানে গিয়ে তারা দোতালার একটি ফ্ল্যাটের জানালা ভাঙা দেখতে পান। এই জানালা দিয়েই শিশুটিকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে সন্দেহ করে ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলতে যান তারা।
ফ্ল্যাটের মালিক জানান, তার বোনের কিশোরী মেয়ে তাদের বাসায় আছে। পরে একজন নারী কন্সটেবলকে ডেকে পাঠান এপিআই যাদব। তখনই জানা যায় ওই সন্তানটি কিশোরী মেয়ের ছিল। সে টয়লেটে সন্তান জন্ম দিয়ে তাকে জানালা দিয়ে ছুড়ে ফেলার কথা পুলিশের কাছে স্বীকারও করেন।
ইউডি/এ

