২৫ জানুয়ারি ‘গণতন্ত্র মঞ্চ’র সমাবেশ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, বর্তমান সরকারের পতন ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ জানুয়ারি দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন জোটটি।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে জোটটির শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এই ঘোষণা দেন।
শহিদ উদ্দিন বলেন, আগামী ২৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউডি/এ

