‘বিরাট’রেকর্ড
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৫৫
২০০৮ সাল থেকে আন্তর্জাতিক আঙ্গিনায় পা দিয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ইন্ডিয়ার ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলি। সাদা পোশাক কিংবা রঙ্গিণ সবর্ত্রই তার ব্যাটে ভেঙ্গে যাচ্ছে সাবেক কিংবদন্তিদের গড়া রেকর্ড। কিং কোহলি’র ফিটনেস ও ফর্ম বিবেচনায় বোদ্ধারা বলছেন ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়বেন এই ইন্ডিয়ান লিজেন্ড। বিরাটের ‘বিরাট’ কারবার নিয়ে আসাদুজ্জামান সুপ্ত’র প্রতিবেদন
সর্বকালের সেরা হওয়ার পথে: খুব বেশি দিন হয়নি, সেঞ্চুরির খরা চলছিল কোহলির। ৪০ মাস আর ২৫ ইনিংসের খরা কাটিয়ে অবশেষে গত মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করেন তিনি চট্টগ্রামে। সেখান থেকেই যেন নিজেকে ফিরে পেলেন ক্রিকেটের এই লিভিং লিজেন্ড। নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন ম্যাচের দুটিতেই হাঁকালেন শতক। ওয়ানডেতে তার এখন শতকের সংখ্যা ৪৬টি। মাত্র তিন ধাপ দূরে আছেন স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড। একসময় যেটিকে মনে হচ্ছিল সবার ধরাছোঁয়ার বাইরে, সেই রেকর্ড স্পর্শ করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন কোহলি। তিন সংস্করণ মিলিয়ে তার শতরান হয়ে গেল ৭৪টি। শচিনের রয়েছে ১০০টি। তার সাম্প্রতিক ফর্ম ও ফিটনেস বলছে শিগগিরই শচিনকে টপকে নয়া ইতিহাস গড়বেন কিং কোহলি। এদিকে, রানের বিবেচনায় মাহেলা জয়াবর্ধনেকে টপকে ওয়ানডের সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে চলে এসেছেন কোহলি। ২৬৮ ম্যাচে তার রান এখন ১২ হাজার ৭৩৫। শীর্ষে রয়েছেন তারই সাবেক সতীর্থ শচীন। ৪৬৩টি ম্যাচ খেলে ১৮৪২৬ রান করেছেন তিনি। তার ওপরে যারা আছেন তাদের সঙ্গে রানের পার্থক্য খুব একটা বেশি নেই বিরাটের। তাইতো সনাথ জয়সুরিয়া (১৩৪৩০ রান), রিকি পন্টিং (১৩৭০৪ রান) ও কুমার সাঙ্গাকারকে (১৪২৩৪ রান) ছাড়িয়ে যাওয়া এখন কেবলই সময়ের ব্যাপার।

ছাড়িয়ে গেলেন শচিনকেও: মাইলফলক অর্জন করা নিয়ে বিরাট কোহলি বলেছেন, আমার মানসিকতা হল দলকে সাহায্য করা এবং দলকে শক্তিশালী অবস্থায় নিয়ে যাওয়া। আমি আরও ভালো করার চেষ্টা করেছি, যা আমার দলকে আরও সাহায্য করবে। যখন থেকে আমি বিরতি থেকে ফিরে এসেছি, তখন থেকে আমি ভালো অনুভব করছি এবং মাইলফলক অর্জন করার জন্য আমার কোন লালসা নেই। তিনি আরও বলেন, আমি এটা চালিয়ে যেতে চাই এবং এতে আমি সন্তুষ্ট। আমি ভালো ক্রিকেট খেলছি। কিন্তু সাদা পোশাকে এখনও কোহলি শচিনের চেয়ে বেশ পিছিয়ে। এ প্রসঙ্গে সাবেক ইন্ডিয়ান তারকা সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, শচিনের টেস্ট সেঞ্চুরিটি কোহলির জন্য একটি বড় পাহাড় হতে চলেছে, যেটি তিনি স্পর্শ চাইবেন। তিনি (কোহলি) এই ফর্ম্যাটে (ওডিআই) সর্বকালের সেরা; তিনি বলেননি যে তিনি টেস্ট ম্যাচে দুর্দান্ত নন। শচিনের টেস্টে শতক ছিল ৫১টি টেস্ট।

ক্রিকেটের বাইরেও সবার শীর্ষে: বিশ্বের ধনীতম ক্রিকেটারদের তালিকায় শুরুর দিকেই যার নাম প্রথমে উঠে আসবে তিনি হলেন বিরাট কোহলি। ব্যাট হাতে মাঠ জুড়ে তিনি যেমন রাজত্ব করে বেরান, তেমনই মাঠের বাইরে আয়ের দিক থেকেও তিনি কিং! গত বছর তিনি যা আয় করেছেন তা বিশ্বের কোনও ক্রিকেটারই করতে পারেননি। ২০২২-এ ক্রিকেট, এনডোর্সমেন্ট সব মিলিয়ে মোট ২৫৬.৫২ কোটি টাকা উপার্জন করেছেন কোহলি। যা কি না রেকর্ড! কোহলি মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, বিজ্ঞাপন ও তার বোর্ড থেকে টাকা আয় করে থাকেন। আয়ের হিসেব বিবেচনায় তার সন্নিকটে শুধু ইন্ডিয়ারই নয়, বিশ্বের কোনো ক্রিকেটারই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবার ওপরে আছেন ইন্ডিয়ার সাবেক এই কাপ্তান। টুইটারে তার অনুসারীর সংখ্যা ৫৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ফেসবুকে এই সংখ্যা ৫০ মিলিয়ন, ইনস্ট্রাগ্রামে ২৩২ মিলিয়ন। ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় এমন দেশেও বিরাটের ভক্তের সংখ্যা দিনকে দিন বাড়ছে। তাতে ক্রিকেটও পরিচিত হচ্ছে ওইসকল দেশগুলোতে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ইন্ডিয়া। ঘরের মাঠে হয়তো নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলবেন কোহলি। আর এই আসরে তিনিই যে হতে যাচ্ছেন দেশটির তুরুপের তাস সে কথা বলার অপেক্ষা রাখে না।
ইউডি/সুপ্ত/কেএস

