শেবাচিমের অব্যবস্থাপনা দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরিদর্শনে গিয়ে সেখানকার অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এর আগে তিনি বরিশালে নির্মাণাধীন শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যান্সার হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেবাচিমের বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ অনেক বেশি রোগী, ফলে মেঝেতে পা ফেলার জায়গা নেই। নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে, তারপরও সেখানে দেখলাম করিডোরে অনেক রোগী।
‘আর পুরাতন ভবনেও তো অনেক রোগী, যেখানে মেঝেতেও রোগী রয়েছে। রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে সেটা আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাই দেশের প্রত্যেকটা রোগী বেডে থেকে সসম্মানে চিকিৎসা নেবে। এটাই প্রধানমন্ত্রীর অঙ্গীকার, নির্দেশনা, ইচ্ছে ও আশা। আমরা চেষ্টা করছি সেটা বাস্তবায়নের।’

জাহিদ মালেক আরও বলেন- দেশে কিডনী, ক্যান্সার ও হৃদরোগীর সংখ্যা বাড়ছে। অনিয়মিত খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং মাত্রাতিরিক্ত বায়ু দূষণে এমনটা হতে পারে।
শেবাচিম পরিদর্শনের পর অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন- অবকাঠামোগত কারণে এখানে সেবা বিঘ্নিত হচ্ছে। পরে মন্ত্রী বরিশাল বিভাগের সর্বস্তরের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ইউডি/এ

