‘শীতবস্ত্রের অভাবে কেউ কষ্ট পাবে না’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৪৫
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার রোডভিউ রেস্টুরেন্ট মাঠে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, চলমান কনকনে শীতে দেশের শহর ও গ্রামাঞ্চলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে সারাদেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, তলাবিহীন ঝুড়ির দেশ এখন আর নেই। শেখ হাসিনার নেতৃত্বে অনেক ধাপ পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ।
আমিনুল ইসলাম আমিন বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
ইউডি/এ

