জনগণ রাস্তায় নামলে সরকার টিকবে না: গয়েশ্বর
উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ যখন কোনো ‘‘ফ্যাসিস্ট সরকারকে’’ পতন করার জন্য রাস্তায় নামে তখন কোনো শক্তিতেই তারা টিকে থাকতে পারে না। পিছনে তাদের শক্তি যতই থাকুক, সেই শক্তি তাদের টিকিয়ে রাখতে পারে না।’
শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী ও ঢাকা জেলার বিএনপির সভাপতি খন্দকার আব্বাসসহ গ্রেপ্তারকৃত নেত্রীবৃন্দের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।
গয়েশ্বর বলেন, ‘আজকে অর্থনীতি-দুর্নীতির কাছে হেরে গেছে। রাজকোষ খালি, বেতন দেওয়ার টাকাও থাকবে না। এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেটমার ছাড়া রাজস্ব কর্মকর্তাদের আর কোনো কাজ নেই।
‘এ পর্যন্ত ১৭টি ডেভেলপমেন্ট প্রকল্প তাদের কাজ স্থগিত রেখেছে, অর্থ যোগান দেওয়ার সুযোগ নেই। কিন্তু যে টাকাগুলো খরচ হয়েছে সে টাকাগুলো আসবে কোথা থেকে’, প্রশ্ন রাখেন তিনি।
‘অর্থনৈতিক যে অবস্থা এতে শেখ হাসিনার যদি ন্যূনতম ‘‘মস্তিষ্ক ঠিক থাকতো’’ তাহলে তিনি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতেন। কারণ তার পক্ষে পুরো মুহূর্তে রাষ্ট্র পরিচালক করা কঠিন। এরপরে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা করতে অনেক কাট-খর পোড়াতে হবে।
‘এই যে টাকাগুলো চলে গেল এই টাকা উদ্ধার করা। যারা টাকাগুলো লুট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা। এটি একটি দীর্ঘমেয়াদী কাজ। এই অবস্থার মধ্যে আজকে দেশটা অন্ধকারের দিকে যাচ্ছে’, দাবি করেন গয়েশ্বর।
‘অনেকেই গ্রেফতারকৃত নেতৃবৃন্দদের মুক্তি দাবি করছেন। আমি বলব তাদের মুক্তির দাবি নয়, তাদেরকে মুক্ত করব। আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো’ দাবি করে তিনি বলেন, ‘কারাগারে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও মুক্ত করবো। নাম না জানা, অজানা অসংখ্য নেতৃবৃন্দ আটক রয়েছেন তাদেরকেও মুক্ত করব।’
গয়েশ্বর বলেন, ‘আজকে বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে বন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসংখ্য মামলায় আজকে বিচার পাচ্ছে না। অবিচারের মধ্য দিয়ে তারা নির্যাতিত হচ্ছে। এই সরকার ব্যবস্থা এটা একটি লুটেরা, ফ্যাসিবাদী সরকার, জনগণের পকেটমার সরকার।
‘জনগণের পকেট যদি না মারতো তাহলে ১০ লাখ কোটি টাকা কী করে পাচার হলো ? কী করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায়? কীভাবে শেয়ার বাজারের টাকা উধাও হয়ে যায়? কী করে লাগামহীনভাবে দুর্নীতি হয়’, জানতে চান গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
ইউডি/এ

