বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: কামরুল ইসলাম

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: কামরুল ইসলাম

উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে বৈশ্বিক সংকট মোকাবিলা করছে। মানুষ কিছুটা কষ্টে আছে। তবে, এ সংকট কেটে যাবে।’ শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, একটি গোষ্ঠী দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করছে। তারা দেশকে ধ্বংস করতে চায়। কিন্তু সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়।

কামরুল ইসলাম বলেন, বিএনপি জঙ্গিগোষ্ঠীকে মদদ দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ আজ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের সব আস্ফালন আওয়ামী লীগ ব্যর্থ করে দেবে।

বাংলার মাটিতে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে এ সময় মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ‘১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, তখন দেশে খাদ্যঘাটতি ছিল। ২০০১ সালে বিএনপিকে ক্ষমতা হস্তান্তরের সময় খাদ্য উদ্বৃত্ত রেখে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও যখন তিনি ক্ষমতায় আসেন, তখনও খাদ্যঘাটতি ছিল। আমরা আবার খাদ্য উদ্বৃত্তের দিকে যাচ্ছি।’

করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব আমাদের দেশেও পড়েছে মন্তব্য করে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ এখন খারাপ অবস্থায় আছে, বিএনপি এটাকে ব্যবহার করে। তারা বলে, বিদ্যুতের দাম বেড়েছে। কিন্তু কেন বেড়েছে, সেই কথা বলে না। শুধু বলে সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। বিএনপি এই ধরনের মিথ্যা কথা বলে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading