বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন পদত্যাগ করছেন
উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন পদত্যাগ করবেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহগুলোর মধ্যে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রন ক্লেইনের সরে দাঁড়ানোতে হোয়াইট হাউসের একটি বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। ক্লেইন প্রেসিডেন্ট বাইডেনের সময়সূচিসহ নীতি এজেন্ডা পরিচালনা করতেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এরই মধ্যে পদত্যাগের ব্যাপারে বাইডেনকে জানিয়েছেন ক্লেইন।
রন ক্লেইনের পদত্যাগের এ খবর সবার আগে সামনে আনে আমেরিকান সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ক্লেইন সম্ভবত আগামী ৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ অর্থাৎ রাষ্ট্রীয় পরিস্থিতিসংক্রান্ত ভাষণের পর সরে দাঁড়াবেন। তবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
ক্লেইন তিন দশকের বেশি সময় ধরে বাইডেনের অন্যতম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একজন জ্যেষ্ঠ সহযোগী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইউডি/এ

