ডিজিটালাইজেশনের কারণে বিশ্বনৌবহর উন্নত হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ডিজিটালাইজেশনের কারণে বিশ্বনৌবহর দ্রুতগতিতে উন্নত থেকে উন্নতর হচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে জাহাজী অফিসার ও রেটিংদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হচ্ছে।
রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউিট (এনএমআই) এর ২৪তম এবং এনএমআই, মাদারীপুরের ১৩তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।
দেশের সামরিক-বেসামরিক পদস্থ ব্যক্তি, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিগণ উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, দিন বদলের পালায় বর্তমান সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
খালিদ মাহমুদ বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটটিকে মেরিটাইম কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে সরকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ‘শেখ রাসেল সিমুলেটর ভবন’ নির্মাণ করেছে। যার মধ্যে ফুল মিশন ব্রীজ সিমুলেটর, ফুল মিশন ইঞ্জিন সিমুলেটর এবং হাই ভোল্টেজ সিমুলেটরসহ অন্যান্য আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এরফলে বাংলাদেশের শিপিং সেক্টরের সংশ্লিষ্ট অফিসার ও রেটিংদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রশিক্ষণের জন্য বাংলাদেশি অফিসার ও রেটিংদের (নাবিক) আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। ফলে দেশের আর্থিক সাশ্রয় হবে, বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে এবং কর্ম-সংস্থানও বৃদ্ধি পাবে।
খালিদ মাহমুদ আরো বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট নিয়ন্ত্রণে মাদারীপুর শাখার স্থাপনাদির নির্মাণ সম্পন্ন হয়েছে। শিগগিরই উদ্বোধন করে মাদারীপুর ক্যাম্পাসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে দুটি ব্যাচে প্রতি বছর ৬০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুড়িগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, কুড়িগ্রাম শাখা স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে দুজন রেটিংসকে গোল্ড মেডেল ও সিলভার মেডেল পদক প্রদান করা হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে প্রদত্ত গোল্ড মেডেল প্রাপ্ত হন অল রাউন্ড রেটিং মো. আতিকুর রহমান টুটুল এবং মেসার্স হক এন্ড সন্স লিমিটেডের সৌজন্যে প্রদত্ত বেস্ট গ্রাউন্ড ড্রিল সিলভার মেডেল প্রাপ্ত হন প্যারেড কমান্ডার মো. ইসমাইল হোসেন।
ইউডি/এ

