মন্ত্রণালয়: ‘ভূমি আইন’ নামে কোনো আইন হয়নি

মন্ত্রণালয়: ‘ভূমি আইন’ নামে কোনো আইন হয়নি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

‘ভূমি আইন’ নামে কোনো আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

রোববার (২২ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, ‘ভূমি আইন পাস হয়েছে, ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে’ মর্মে একটি ভুয়া খবর/গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে/ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যা ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ পর্যালোচনার সময় নজরে আসে। এ ধরনের ভুয়া খবর/গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে- যা মোটেই কাম্য নয়।

“প্রকৃত তথ্য হচ্ছে ‘ভূমি আইন’ নামে কোনো আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি। সর্বসাধারণকে এ ধরনের ভুয়া খবর/গুজবের বিষয়ে অধিকতর সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”

দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া খবর বা গুজব ইন্টারনেটে প্রচার করা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা, ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা ফেসবুক পেজে’ কমেন্ট করে কিংবা মেসেজ (বার্তা) প্রেরণ করে ভূমি সংক্রান্ত তথ্য জানা যাবে, ভূমিসেবা গ্রহণ করা যাবে এবং ভূমি বিষয়ক অভিযোগ জানানো যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। আইন প্রণয়নের ঘটনা জাতীয় জীবনে উল্লেখযোগ্য সংবাদ, যা সাধারণত দেশের সব ধরনের জাতীয় গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।

এছাড়া নতুন আইন প্রণয়নের পর তা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সব সরকারি পোর্টালে প্রকাশ করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading