আর্থিক সংকটে বাস্তবায়ন হচ্ছে না ইভিএম প্রকল্প: ইসি সচিব

আর্থিক সংকটে বাস্তবায়ন হচ্ছে না ইভিএম প্রকল্প: ইসি সচিব

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প আর্থিক সংকটের কারণে আপাতত বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ব্যবহারের জন্য দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প স্থগিত করেছে সরকার।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আট হাজার ৭১১ কোটির টাকা প্রকল্প এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের হাতে থাকা ইভিএম দিয়ে ৫০ থেকে ৭০ আসনে ভোট করা সম্ভব।’

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল ইসি। সে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দিলেও পাঁচ মাসেও সাড়া পায়নি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেকের সভার আলোচ্যসূচিতেও ছিল না ইভিএম প্রকল্প।

গত বছর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর একে একে রাজনৈতিক দল, সুশীল সমাজ, তথ্যপ্রযুক্তিবিদ, সাবেক সিইসিসহ কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ করে।

আগামী নির্বাচন নিয়ে অনেক প্রস্তাবের মধ্যে বেশিরভাগ রাজনৈতিক দল ইভিএমে ভোট করার বিরোধিতা করে। সংলাপে অংশ না নিলেও বিএনপির পক্ষ থেকে সরাসরি ইভিএমের বিরোধিতা করা হয়েছে।

যদিও ক্ষমতাসীন দলসহ বেশ কিছু দল ইভিএমে ভোট নেওয়ার পক্ষে মতামত দিয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading