শীর্ষে সিরাজ

শীর্ষে সিরাজ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫

বল হাতে দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার পেলেন মোহাম্মদ সিরাজ। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে হটিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন এই ইন্ডিয়ান পেসার।

প্রায় তিন বছর ইন্ডিয়ান ওয়ানডে দলের বাইরে কাটিয়েছেন সিরাজ। গত বছরের ফেব্রুয়ারিতে ডাক পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন এই ডানহাতি বোলার। সেই থেকে ২০টি ৫০ ওভারের ম্যাচ খেলে ৩৭ উইকেট ঝুলিতে পুরেছেন ২৮ বছর বয়সী সিরাজ।

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) আইসিসির নির্বাচিত বর্ষসেরা ওয়ানডে একাদশেও ছিলেন সিরাজ। সেই খুশির মাঝেই উদযাপনের নতুন উপলক্ষ পেয়ে গেলেন তিনি। শুধু বোল্ট-ই নন, ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে উঠার পথে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডকেও পেছনে ফেলেছেন সিরাজ।

দীর্ঘদিন ধরেই ফর্মের তুঙ্গে অবস্থান করছেন সিরাজ। ঘরের মাটিতে সর্বশেষ দুই সিরিজে (শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে) তার পারফম্যান্স ছিল এক কথায় নজরকাড়া। ইন্ডিয়ার বোলিং কোচ পরস মামব্রের পরামর্শে নিজের খেলায় পরিবর্তন আনেন সিরাজ এবং সেই বাড়তি অনুশীলন তার কাজেও লেগেছে। সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ নিয়ন্ত্রণ যার সাক্ষ্য দিচ্ছে।

কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৯ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন চার উইকেট। এতে তার রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৭২৯-এ। র‍্যাংকিংয়ের দুইয়ে নেমে যাওয়া হ্যাজেলউডের চেয়ে যা দুই পয়েন্ট বেশি। আর কিউই পেসার বোল্ট ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনে। অন্যদিকে ইন্ডিয়ার আরেক পেসার মোহাম্মদ শামি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে।

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। বড় ব্যবধানে এগিয়ে শীর্ষেই আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তবে শীর্ষ দশে আছেন ইন্ডিয়ার তিনজন, যারা দ্রুতগতিতে বাবরের প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে এগিয়ে গেছেন।

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকান শুভমান গিল। এতে ২০ ধাপ লাফিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।

শুভমান উঠে আসায় এক ধাপ নিচে নেমে গেছেন তার সতীর্থ বিরাট কোহলি। দুর্দান্ত ফর্মে থাকা ‘কিং কোহলি’ আছেন সপ্তম স্থানে। অন্যদিকে ইন্দোরে কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত শর্মা দুই ধাপ এগিয়ে আছেন আটে।

ইন্ডিয়ার কাছে ধবলধোলাইয়ের শিকার হওয়া নিউজিল্যান্ড র‍্যাংকিংয়ের শীর্ষস্থান খুইয়েছে সেই ইন্ডিয়ার কাছেই। তবে দল পেছলেও কিউই ব্যাটার ডেভন কনওয়ে এগিয়েছেন ১৩ ধাপ। ইন্ডিয়ার বিপক্ষের সিরিজের শেষ ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার আছেন ৩৭তম স্থানে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading