প্রতি সপ্তাহে একবার কোরআন পোড়ানোর হুমকি
উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০
আবারও পবিত্র কোরআন শরিফে আগুন দিয়েছেন কট্টরপন্থী নেতা রাসমুস পালুদান। প্রতি সপ্তাহে একবার এই কাজ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ জানুয়ারি) ডেনমার্কের কোপেনহেগেনে তুর্কি দূতাবাসের বাইরে একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিরা লাউডস্পিকার দিয়ে তাকবির উচ্চারণ করেন। খবর: আল-জাজিরার।
প্রায় ৪০ মিনিট সেখানে থাকার পর পালুদান পুলিশের সহায়তায় সেই এলাকা ত্যাগ করেন।
এর আগে সুইডেনে তুর্কি দূতাবাসের সামনেও কোরআন শরিফে আগুন দিয়েছিলেন সুইডিশ-ড্যানিশ এই দ্বৈত নাগরিক।
পালুদান জানান, সুইডেনের ন্যাটোর সদস্যপদের আবেদনে তুরস্কের ভেটোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কাজ করছেন তিনি। আঙ্কারার অনুমোদন না মিললে অব্যাহত থাকবে তার এই বিক্ষোভ।
এ ঘটনার পর স্থানীয় পুলিশ মসজিদের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।
এতে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। বিক্ষোভ হয়েছে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে।
ইউডি/এ

