আমরা খেলেই জয়ী হতে চাই : হাছান মাহমুদ
উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা খেলেই জয়ী হতে চাই। তবে বিএনপি আসন্ন নির্বাচনকে কোনোভাবে প্রতিহতের অপচেষ্টা করলে জনগণই তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।’
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কোনো সরকার আয়োজন করে না। নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের হাতে একটি পুলিশ কনস্টেবলও বদলি করার ক্ষমতা থাকে না। সবকিছুই ন্যস্ত থাকে নির্বাচন কমিশনের ওপর। পাকিস্তান ছাড়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এখন আর কোথাও নেই। এখন বিএনপি পাকিস্তানকে ফলো করছে।’
বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইভিএমে ভোট হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা সবকটি আসনে ইভিএমে ভোট চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন থেকে ইভিএম কেনার জন্য প্রায় এক মিলিয়ন ডলার খরচের চাহিদা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এত অর্থ খরচ করা ঠিক হবে না। তাই যে কয়টি আসনে ইভিএমে ভোট করা যায়, আমরা সে কয়টি আসনেই ইভিএমে ভোট করতে চাই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, এমপি সাইফুজ্জামান শেখর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউডি/এ

