পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বাংলাবান্ধা স্থলবন্দর তিনদিনের জন্য বন্ধ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৫৫
ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের উপলক্ষে তিনদিন ও সরকারি ছুটির জন্য একদিনসহ মোট চারদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ এপ্রিল) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ ও ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। তবে বন্ধের এ সময়ে ইন্ডিয়ার নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরী ভিত্তি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেসন কর্তৃপক্ষ।
জানা গেছে, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের উপলক্ষে জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সরকারি ছুটির দিনসহ মোট চার দিন স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবারও স্বাভাবিক হবে কার্যক্রম।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিক ভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ইন্ডিয়া যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।
ইউডি/রেজা

