নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেব না: হাছান মাহমুদ
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি কই, তারেক কোথায়? আমরা আগামী নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেব না। জনগণ সুযোগ দেবে না। কারণ বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী তথা বাংলাদেশকে জঙ্গিবাদের আস্তানা বানাবে।’
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।
দেশবাসী ও রাজশাহীবাসীকে সাবধান করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজশাহী শহর ১৪ বছরে বদলে গেছে। রাজশাহী আসলে মনে হয়, উন্নত কোনও দেশের শহরে আসলাম। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলা ভাই তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। রাজশাহী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবচেয়ে সুন্দর শহরে পরিণত হয়েছে।’
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে জনসভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলের জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সেজন্য ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন তারা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সভাস্থলে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইউডি/এ

