৩২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৪
রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় জনসভার মঞ্চে উঠে ৩২ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী শহরের মাদরাসা মাঠে (হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) অনুষ্ঠিত জনসভায় প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রী রাজশাহী জেলার ২৬টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন এবং ছয়টি উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৩২টি প্রকল্পের মধ্যে রয়েছে- রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ, রাজশাহী আঞ্চলিক পিএসসি ভবন নির্মাণ কাজ, শহীদ এ এইচ এম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়ে ১০ তলাবিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট অ্যাকাডেমি ভবন নির্মাণ।
রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত সম্প্রসারিত নির্মাণ কাজ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টার নির্মাণ, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভবন উদ্বোধন, মোহনপুর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন।
রাজশাহী সরকারি শিশু হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন, রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন।
এছাড়াও শেখ রাসেল শিশুপার্ক, মোহনপুর রেলক্রসিং ফ্লাইওভার, নগরীর বন্ধগেট-সিটি বাইপাস পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চার লেন সড়ক নির্মাণ কাজ, নগরীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণ কাজ, ভদ্রা রেলক্রসিং থেকে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেন সড়ক উদ্বোধন।
হাইটেক পার্ক থেকে ঢালুর মোড় পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ, পুঠিয়া-বাগমারা মহাসড়ক উন্নয়ন কাজ, রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, চারঘাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মাল্টিপারপাস ভবন, রাজশাহী সিভিল সার্জন অফিস, রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয় তলাবিশিষ্ট ছাত্রীনিবাস, রাজশাহী সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, বাগমারার ভবানীগঞ্জ-কেশরহাট সড়ক, পদ্মা নদীর ড্রেজিং প্রকল্প, রাজশাহী পিটিআইয়ের বহুমুখী অডিটোরিয়াম নির্মাণ, চারঘাট ও বাঘায় পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে উপস্থিত হওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় মাদরাসার মাঠ ও আশপাশের এলাকা।
জনসভাস্থলে যাওয়ার আগে শেখ হাসিনা সরদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠান শেষ করেন।
ইউডি/এ

