রেমিট্যান্সের পালে হাওয়া, ২৭ দিনে এসেছে ১৬৭ কোটি ডলার

রেমিট্যান্সের পালে হাওয়া, ২৭ দিনে এসেছে ১৬৭ কোটি ডলার

উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০

সদ্য বিদায়ী বছরের শুরু থেকেই ছিল ডলার সংকট। ধীরে ধীরে এ সংকট প্রকট হয়েছে। তবে নতুন বছরের শুরুতেই রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে ১৬৭ কোটি ছয় লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন, চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৭০ কোটি ডলার ছড়িয়ে যাবে।

তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আলোচ্য এই সময়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪০ কোটি ৫২ লাখ আমেরিকান ডলারের রেমিট্যান্স।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ছয় লাখ ডলার, বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে তিন কোটি ৮৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ লাখ ডলার।

তথ্য বলছে, সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই পরিমাণ ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় সাত কোটি ডলার বেশি। ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ডলার।

এদিকে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) ছয় মাসে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৯ কোটি ৩২ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ২৩ কোটি ৯৫ লাখ ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২৫ কোটি ৩৭ লাখ ডলার বেশি এসেছে।

এর আগে ২০২১-২০২২ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। তারও আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading