মঙ্গলবার থেকে বাড়তে পারে শীত

মঙ্গলবার থেকে বাড়তে পারে শীত

উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

আজ সোমবার (৩০ জানুয়ারি) ও আগামীকাল মঙ্গলবার সারা দেশেই রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

রোববার থেকে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। পাবনা, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমেছে। এই প্রবণতা আরও কয়েক জেলায় দেখা যেতে পারে।

ফলে আগামীকাল থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি চুয়াডাঙ্গা, যশোর জেলায় শীত বাড়তে পারে। এ ছাড়া ইন্ডিয়ার উত্তরাঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার থেকে দেশের বেশ কয়েকটি জেলায় শীত বাড়তে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত তিন দিন ধরে দেশের কোথাও শৈত্যপ্রবাহ দেখা যায়নি। রোববার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে।

রংপুর বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ তামপাত্রা ছিল ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ ছাড়া অন্যান্য বিভাগের বেশির ভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইন্ডিয়ার উত্তরাংশে বৃষ্টিপাতের কারণে দেশের আকাশেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ বাড়তে পারে। রোববার থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

তিনি আরও বলেন, সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading