নেটোতে সুইডেনের সদস্যপদের বিরোধিতা করতে পারে তুরস্ক
উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে তুরস্ক আপত্তি জানাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। তবে ফিনল্যান্ডের ক্ষেত্রে ইতিবাচক মনোভাবের কথাও জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
নর্ডিক এই দুই দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার জন্য আলোচনা স্থগিত করার কয়েকদিন পর এমন মন্তব্য করলেন তুরস্কের প্রেসিডেন্ট। স্টকহোমে কোরআন পোড়ানোর মতো একাধিক বিতর্কিত বিক্ষোভের পর আঙ্কারা এমন পদক্ষেপের কথা জানাল।
সুইডেনের কর্মকর্তারা ওই বিক্ষোভের নিন্দা জানিয়েছে। তবে তারা দেশের ‘বাকস্বাধীনতা’ আইনের পক্ষে সাফাই গেয়েছেন।
ইউক্রেনে রুশ হামলার পর গত বছর নেটোতে যোগ দেওয়ার আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। সদস্যপদ পাওয়ার জন্য নেটোর সব সদস্যের অনুমতি লাগবে। তবে তুরস্ক ও হাঙ্গেরির কারণে নর্ডিক দেশ দু’টির সদস্যপদ আটকে গেছে।
এরদোয়ান তার বক্তব্যে বলেছেন, ফিনল্যান্ডের বিষয়ে এখন পুরোপুরি ভিন্ন প্রতিক্রিয়া দিতে পারি। তবে ‘সুইডেন অবাক হয়ে যাবে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সুইডেনকে ১২০ জন ব্যক্তির তালিকা দিয়েছিলাম এবং বলেছিলাম এই সন্ত্রাসীদের ফেরত পাঠাতে হবে। যদি তারা এটা না করে, তাহলে আমরা দুঃখিত।’
ইউডি/এ

