বইমেলার ‘শিশু প্রহরে’ আনন্দ

বইমেলার ‘শিশু প্রহরে’ আনন্দ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর শুরু হয়েছে আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি)। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা শিশু চত্বরে শিশু প্রহর উদ্বোধন করেন। মাসব্যাপী এ মেলায় সপ্তাহের দুদিন শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুদের জন্য, এই সময়টাকে ঘোষণা করা হয় শিশু প্রহর হিসেবে। ছুটির দিন হওয়ায় শুক্রবার সকালেই মা-বাবা ও স্বজনদের সঙ্গে মেলায় ভিড় করে শিশুরা।

শিশু চত্বরের স্টলগুলোতে শিশুদের বই রাখা হয়েছে। সেখানে চলন্তিকা বইঘর, শিশু প্রকাশ, শৈশব, চিলড্রেনস বুক, সিসিমপুর ইত্যাদি স্টল রয়েছে, যেগুলোতে রয়েছে শিশুদের বই। এই আয়োজনে বরাবরই শিশুদের কাছে সবচেয়ে আকর্ষণীয় সিসিমপুরের চরিত্রগুলো। তবে এবার শিশুদের আনন্দ দিতে স্টেজে হালুম, ইকরি ও টুকটুকির দেখা মেলেনি। তবে বই দেখেই আনন্দ নিয়েছে শিশুরা।

বইমেলায় শিশুচত্বরটি এবার বাংলা একাডেমির মন্দিরের পাশের গেইট দিয়ে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে। শিশু চত্বরে এবার ৭১টি প্রতিষ্ঠানকে ১১১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার শিশু প্রহর উদ্বোধন করে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, প্রতি বছরের মত এবারও শিশুপ্রহর মেলায় আসা শিশুদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে। শিশু চত্বরটিও করা করা হয়েছে একটু বড় পরিসরে। সব মিলিয়ে শিশু চত্বরে এসে শিশু-কিশোরেরা তাদের প্রিয় বই কেনার পাশাপাশি আনন্দে মেতে উঠবে।

তিনবছর পর ভাষার মাসের প্রথম দিনেই এবার পর্দা উঠেছে বইমেলার। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন না। ছুটির দিনে সকাল ১১টা থেকে শুরু হবে বইমেলা। আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টায় খুলবে মেলার দুয়ার, খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। এ ছাড়া প্রতিদিন বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকবে। এছাড়া নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading