এবার কলম্বিয়ার আকাশে ‘সন্দেহজনক’ বেলুন
উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ০৯:০০
আমেরিকায় যুদ্ধবিমান থেকে গুলিবর্ষণ করে ভূপাতিত করার পর কলম্বিয়ার আকাশেও সন্দেহজনক বেলুনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কলম্বিয়ার আকাশসীমায় বেলুনের মতো দেখতে আকাশচর বস্তু উড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শনিবার আমেরিকার আটলান্টিক উপকূলে চীনা বেলুন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন যুদ্ধবিমান। একই দিনে কলম্বিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে সম্ভাব্য বেলুনের উপস্থিতি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।
শুধু বলা হয়েছে, শুক্রবার সকালে এটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে ওই দিন সন্ধ্যায় লাতিন আমেরিকার আকাশে আরও একটি চীনা গুপ্তচর বেলুন উড়ার দাবি করা হয়েছিল।
তবে লাতিন আমেরিকার কোন জায়গায় দিয়ে বেলুনটি উড়ছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু একজন ইউএস কর্মকর্তা সিএনএনকে বলেন, এই বেলুনটি আমেরিকার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না।
কলম্বিয়ার বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ৫৫ হাজার ফুট উচ্চতায় তাদের আকাশসীমায় একটি ‘বস্তু’ শনাক্ত করা হয়েছে। যা উত্তর দিক থেকে ২৫ নট বা ঘণ্টায় ২৯ মাইল গতিতে কলম্বিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই বস্তুটি আমেরিকায় শনাক্ত বেলুনের মতোই। আকাশসীমা ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত বিমানবাহিনী এটিতে নজর রাখবে। বস্তুটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
রোববার পর্যন্ত অপর কোনও লাতিন আমেরিকার দেশের ওপর দিয়ে অজ্ঞাত বেলুন উড়ে যাওয়ার কোনও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
তবে কিছু দিন আগে ভেনেজুয়েলা ও কোস্টারিকার আকাশে বেলুন উড়ার কথা উল্লেখ করেছেন একাধিক সোশাল মিডিয়া ব্যবহারকারী।
ইউডি/এ

