তুরস্কের মধ্যাঞ্চলে ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্পের ২৮ ঘণ্টা পর তুরস্কের মধ্যাঞ্চলে আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে।
তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৩ মিনিটে এই ভূমিকম্পটি হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে, ফ্রান্সভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগর ভূমিকম্প কেন্দ্র এই কম্পনের মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে। তারা বলছে, গোলবাসির কাছে এই ভূমিকম্পের গভীরতা ছিল ২ কিলোমিটার।
গোলবাসি তুরস্কের আঙ্কারা প্রদেশের একটি জেলা শহর। শহরটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
উভয় সংস্থাই বলেছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সময় ৩টা ১৩ মিনিটে কম্পন হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে, তুরস্কের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়া সংলগ্ন তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই শক্তিশালী একটি ভূমিকম্প ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার।
প্রতিবেশি তুরস্কের দক্ষিণাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়ে।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত হওয়া গেছে।
এখন পর্যন্ত তুরস্কে ২,৯২১ জন ও সিরিয়ায় ১,৪৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউডি/এ

