পল্টনে নাশকতা: ফখরুল-আব্বাসের স্থায়ী জামিন

পল্টনে নাশকতা: ফখরুল-আব্বাসের স্থায়ী জামিন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

রাজধানীর নয়াপল্টনে নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপির এ দুই শীর্ষ নেতার জামিন সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ৯ জানুয়ারি এ মামলায় জামিনে মুক্ত হন ফখরুল-আব্বাস।

এর আগে গত ৮ জানুয়ারি হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছিল আপিল বিভাগ। সেই সঙ্গে ৩০ দিনের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

এর আগে গত ৪ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির আজকের দিন ধার্য করেন চেম্বার আদালত।

একইসঙ্গে রোববার পর্যন্ত মির্জা ফখরুল-আব্বাসের আইনজীবীরা তাদের মু্ক্তির জন্য বিচারিক আদালতে জামিননামা দাখিল করতে পারবেন না বলে আদেশে বলা হয়।

গত ৮ ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে তুলে আনে ডিবি পুলিশ। (ডিবি)। দুজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় রাজধানীর চার থানায় চারটি মামলা করে পুলিশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading