‘কাউ হাগ ডে’ দিবস পালন বাতিল করল ইন্ডিয়া
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০
ইন্ডিয়ায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গনের আহ্বান জানিয়ে দেওয়া সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে নতুন বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
সারা বিশ্বে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এ দিনে গরুকে ভালোবেসে জড়িয়ে ধরার অনুরোধ জানিয়ে গত বুধবার (০৮ ফেব্রুয়ারি) ইন্ডিয়ার পশু কল্যাণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিদ্রূপ-উপহাস চলতে থাকে।
পরবর্তীতে পশু কল্যাণ বোর্ডের সেক্রেটারি এস কে দত্ত স্বাক্ষরিত নতুন বিবৃতিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষ এবং মৎস্যসম্পদ মন্ত্রণালয় ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় পশু কল্যাণ বোর্ড ১৪ ফেব্রুয়ারি ‘গরুকে আলিঙ্গন দিবস’ হিসেবে পালনের যে আহ্বান জানিয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে।
এর আগে বুধবার কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘পাশ্চাত্য রীতি আমাদের নিজেদের রীতিকে ভুলিয়ে দিয়েছে’। সেই কারণেই ‘কাউ হাগ ডে’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছিল, ভ্যালেন্টাইনস ডে যেহেতু প্রেমের দিন, সেই কারণে গরুকে আলিঙ্গন করে সেই দিনটি পশুপ্রেম দিবস হিসেবে পালন করা হবে। ওই দিন গরুকে আলিঙ্গন করতে হবে।
ইউডি/এ

