বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি টাকা, বেড়েছে লেনদেন
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫
বিদায়ী সপ্তাহে (০৫ ফেব্রুয়ারি-০৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি টাকারও বেশি। তবে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন ৪০৪ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।
ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে তিন হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ১৭২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৪৩ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪০৪ কোটি ১১ লাখ ৬৯ হাজার ২৯ টাকার বা ১৪ দশমিক ২৩ শতাংশ।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি দুই লাখ ৫৯ হাজার ৬০৫ টাকার বা শূন্য দশমিক চার শতাংশ।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল সাত লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ ১১ হাজার ৫৩৩ টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন নেমেছে সাত লাখ ৬৭ হাজার ৫০ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৯২৮ টাকায়।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১১ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ২৮৩ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ছয় হাজার ২৯৪ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ সূচক দুই দশমিক ০৭ পয়েন্ট হারিয়ে ১৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আর ‘ডিএস-৩০’ সূচকে চার দশমিক ৬২ পয়েন্ট যোগ হয়েছে। সূচকটি দুই হাজার ২৩০ পয়েন্ট থেকে দুই হাজার ২৩৫ পয়েন্ট দাঁড়িয়েছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ২০০ কোম্পানির শেয়ারের দাম।
ইউডি/এ

