কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটির মাথার অংশে জালে আটকানোর ক্ষত রয়েছে। ৫ ফুট দৈর্ঘ্যের ওই ডলফিনটির উপরিভাগের একাংশের চামড়া উঠে গেছে।

কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পান কুয়াকাটা ট্যুর গাইড ইব্রাহিম খলিফা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি সূত্রে জানা যায়, দুপুরের জোয়ারে তীরবর্তী এলাকায় ডলফিনটি ভেসে আসে। ৫ ফুটের এই বাচ্চা ডলফিনটির মাথার আঘাতটি জেলেদের জালে আটকানোর ক্ষত মনে হয়েছে। আজকের ভেসে আসা ডলফিনটি চলতি বছরে প্রথম। তবে গত বছর ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে আসে।

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ জাতীয় ডলফিনগুলো নিয়ে আমাদের যে কাজ করা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন। সমুদ্রে ভেসে থাকা ছেঁড়া-ফাটা জাল, প্লাস্টিক এবং সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার কারণে ওদের মৃত্যু হচ্ছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মৃত ডলফিনের গায়ে ক্ষত রয়েছে। কী কারণে মারা গেছে তা বুঝা যাচ্ছে না। আমাদের টিম পাঠিয়ে নিরাপদ জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থা করেছি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এটি চলতি বছরে প্রথম তবে ২০২২ সালে মোট ১৯টিসহ গত কয়েক বছরে যতগুলো ডলফিন, কচ্ছপ, তিমি মৃত অবস্থায় ভেসে এসেছে সেগুলোকে আমরা বন বিভাগের সহযোগিতায় মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের টিম এই ধরনের জীববৈচিত্র্য রক্ষায় সবসময় কাজ করে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading