দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলছে সরকার: জোনায়েদ সাকি
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘লুটপাট, দুর্নীতি, দেশকে বিভাজিত করে দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলছে সরকার। এটাই তারা করতে থাকবেন। বিভিন্ন দেশের কোম্পানি ও সরকারকে সুবিধা দিয়ে কীভাবে ক্ষমতায় থাকা যায় তারা (সরকার) এখন সেই চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘ভাবছেন আদানিকে বেশি দামে বিদ্যুৎ কেনার সুযোগ দিলেই মনে হয় ক্ষমতায় টিকে থাকা যাবে। এভাবে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় থাকার আপনাদের যে স্বপ্ন-বিলাস, তা দেশের মানুষ ভেঙে তছনছ করে দেবে।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ আয়োজিত প্রতিবাদী পদযাত্রার আগে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।
জোনায়েদ আরও সাকি বলেন, ‘আজকে এই সরকারের পেটুয়া গুণ্ডা বাহিনী সারাদেশে বিরোধী দলের ওপর হামলা করছে। গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করছে। বিভিন্ন জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের আন্দোলনে অংশ না নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।’
‘সরকার দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘একটি দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে, ওই দেশে আর কিছু ধ্বংস করতে হয় না। উনারা (সরকার) সেই ব্যবস্থা নিয়েছেন। যেখানে শিক্ষা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়, সেখানে তারা শিক্ষা দিয়ে জাতিকে বিভক্ত করার সব নীতি কার্যকর করছে।
‘আবারও ক্ষমতায় থাকার সুবিধা করার জন্য তারা এটি করছেন। দেশ ও জাতিকে বিভক্ত করে আপনাদের (সরকার) ক্ষমতায় থাকার এই স্বপ্ন জনগণ ভেঙে চুরমার করে দেবে।’
তিনি বলেন, ‘এই সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন এবং আগামী সংসদে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক গুণগত সংস্কার আদায় ছাড়া জনগণ রাজপথ থেকে ফিরবে না। এই তিনটি বিষয় দেশের জনগণের ভাগ্য নির্ধারণে এক সুতায় গাঁথা হয়ে গেছে। কাজেই এই লড়াইয়ের যে শক্তি, এই লড়াইয়ের যে নৈতিক ভিত্তি, তা এদেশের ১৮ কোটি মানুষের সত্ত্বার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। একে মোকাবিলা করার সামর্থ্য এই সরকারের নেই।’
ইউডি/এ

