গার্মেন্টসকে নতুন বাজার খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

গার্মেন্টসকে নতুন বাজার খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গার্মেন্টসে যারা কাজ করেন তাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে, নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। নতুন ওই বাজার আমরা খুঁজে বের করতে পারি। ইতোমধ্যে কিছু পাওয়া গেছে।’

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বস্ত্র দিবস উদযাপন ও ছয়টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বস্ত্র উৎপাদন ও বিদেশে রপ্তানির ঐতিহ্য রয়েছে। মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করেছে পোশাক শিল্প। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীরা এসে কাজ করে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে তারাও বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক সচ্ছলতা ফিরে পাচ্ছে।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা যে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে। ২০২২ সালে বাংলাদেশের ৪৫.৭০ বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করা হয়। কাজেই সেদিক দিয়ে আমি বলবো যে এটি আমাদের অর্থনৈতিক দিক দিয়ে বিরাট অবদান রেখে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্যগুলো একে একে হারিয়ে যাচ্ছিল। আমরা এখন চেষ্টা করে যাচ্ছি সেগুলো আবার নতুনভাবে শুরু করতে। সরকারের উদ্যোগের কারণে হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন গবেষণার মাধ্যমে এটিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading