ইউটিউবের সিইও পদে দেখা যাবে ইন্ডিয়ার বংশোদ্ভূত নীল মোহনকে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:২০
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি বৃহস্পতিবার প্ল্যাটফর্মটির বর্তমান দায়িত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই পদে ৯ বছর ছিলেন। তার স্থলাভিষিক্ত হবেন ইন্ডিয়ার বংশোদ্ভূত আমেরিকার নাগরিক নীল মোহন।
৫৪ বছর বয়সী সুসান ওজস্কি অ্যালফাবেটের মালিকানাধীন ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যমটি ছাড়ার ঘোষণা এক ব্লগ পোস্টে দেন। কারণ হিসেবে তিনি মূলত পরিবার ও নিজেকে সময় দেওয়ার কথা উল্লেখ করেছেন।
ইন্ডিয়ার গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক ৪৯ বছর বয়সী নীল মোহন ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নীল মোহন ১৯৯৬ সালে অ্যাকসেঞ্চার-এ তার কর্মজীবন শুরু করেন এবং তারপরে নেটগ্রাভিটি নামে একটি স্টার্টআপে যোগ দেন। যা পরবর্তীকালে অনলাইন বিজ্ঞাপন সংস্থা ডাবলক্লিক অধিগ্রহণ করে নেয়।
২০০৭ সালে ডাবলক্লিক কিনে নেয় গুগল। নীল মোহন অ্যাডওয়ার্ডস, অ্যাডসেন্স এবং ডাবলক্লিকসহ গুগলের বিজ্ঞাপন পণ্যগুলোর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মোহনের মাইক্রোসফটের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তিনি কর্পোরেট কৌশল ব্যবস্থাপক ছিলেন।
ইউডি/কেএস

