২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ১৬:০৫
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২৫ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে ৩ শিশু এবং সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মোট ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩০ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে একদিনেই নতুন আক্রান্ত ও উপসর্গের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।
ইউডি/রেজা

