ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়াতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:০০
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে পাঁচজন নিহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলের হামলা প্রতিহত করতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাল্টা পদক্ষেপ নেয় এবং ইসরায়েলে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।
এতে আরও বলা হয়, ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র দামেস্কের মধ্যাঞ্চলের কাফর সুসা এলাকার কয়েকটি আবাসিক ভবনে আঘাত হানে।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সুসা এলাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল সুহাইদা প্রদেশের শাহবা শহরে ইসরায়েল হামলা চালায়।
সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসেছে এবং সেগুলো রাজধানী দামেস্কের কয়েকটি এলাকার বেসরকারি ভবনে আঘাত হানে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে ওই সূত্র দাবি করে।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জন নিহত হয়েছে যার মধ্যে একজন সেনা সদস্য রয়েছে। এছাড়া আরো ১৫ জন আহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
ইউডি/এ

