প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই দেশে মুক্তি পাবে হিন্দি সিনেমা

প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই দেশে মুক্তি পাবে হিন্দি সিনেমা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

বাংলাদেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সব ঠিক থাকলে সাফটা চুক্তির আওতায় দ্রুত সময়ে বাংলাদেশের সিনেমা হলে শাহরুখ খানের আলোচিত ‘পাঠান’ মুক্তি পাবে।

রোবার (১৯ ফেব্রুয়ারি) চলচ্চিত্র সংগঠনের ১১ জন প্রতিনিধির সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানেই ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন পেশ করবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হবে।

বৈঠকে উপস্থিত প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছেন, ‘মন্ত্রী বললেন, এখন আর কোনও সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজকালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না। এক্ষেত্রে অবশ্য আমরা শর্ত জুড়ে দিয়েছি। দুই বছর আমদানি করা যাবে, এছাড়াও ঈদের মতো উৎসব ছাড়া মোট ১৪০ দিন সিনেমা প্রদর্শন করা যাবে।’

আজকালের মধ্যেই প্রধানমন্ত্রীকে এই আবেদন পেশ করা হবে। অনুমোদন যতদ্রুত সম্ভব মন্ত্রী নেবেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিকজন।

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বলছে, আজকালের মধ্যেই যেহেতু অনুমোদনের সম্ভাবনা রয়েছে সেহেতু আগামী ২৪ তারিখে সিনেমাটি বাংলাদেশে মুক্তির বিষয়ে আমরাও প্রস্তুত।

২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাওয়া শাহরুখ খানের এই সিনেমা ঝড় তুলেছে বিশ্ব বক্স অফিসে। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading