মাতৃভাষা দিবসে হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

মাতৃভাষা দিবসে হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেওয়া সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনতাই হওয়ার ঘটনার পর এখন পর্যন্ত জঙ্গি হামলার আশঙ্কা নেই। এছাড়া আদালতপাড়া থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১২ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র ওই দুইজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। আমাদের টিম তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।’

শহীদ মিনারে সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার জন্য পলাশী থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত সমগ্র এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। পুলিশের কন্ট্রোল রুম থেকে পুরো এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারিতে রাখা হবে। আমাদের আর্চওয়ে থাকবে, সেটা দিয়ে শহীদ মিনারে আসা মানুষকে সার্চ করা হবে। কোনো ব্যাগ কিংবা জিনিসপত্র নিয়ে আসবেন না, আমরা এগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেব না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনৈতিক ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারা দোয়েল চত্বর দিয়ে প্রবেশ করবেন না। সাধারণ জনগণ পলাশী দিয়ে প্রবেশ করবেন এবং দোয়েল চত্বর হয়ে চলে যাবেন। অর্থাৎ এক দিক দিয়ে প্রবেশ করবেন এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাবেন।’

গোলাম ফারুক বলেন, ‘করোনা পরবর্তী সময়ে উন্মুক্ত পরিবেশে এবার মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শহীদ মিনারে আসবেন। রাজধানীর সর্বস্তরের মানুষ শহীদ মিনারে আসবেন, নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদের সহযোগিতা করছে।’

তিন ভাগে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা, ২১ তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিরাপত্তা বাহিনী কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading