ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা ধানমন্ডিতে, দাফন দোহারে

ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা ধানমন্ডিতে, দাফন দোহারে

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা ধানমন্ডিতে আজ অনুষ্ঠিত হবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে নিজ এলাকা দোহারে। বাদ জোহর সেখানে আরেক দফা জানাজা শেষে শাইনপুকুর গ্রামে সমাহিত করা হবে তাকে।

নাজমুল হুদার এপিএস শামীম আহসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে তার প্রথম জানাজা হবে। সেখান থেকে নিজ এলাকা দোহারে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে শাইনপুকুর গ্রামে তাঁকে সমাহিত করা হবে।

ব্যারিস্টার নাজমুল হুদা রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

উচ্চ আদালতের নির্দেশনায় অতি সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তার ‘তৃণমূল বিএনপি’।

১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাজমুল হুদা। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে নাজমুল হুদা তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন। ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান থাকাকালে ২০১০ সালে ২১ নভেম্বর দল থেকে বহিস্কার হন নাজমুল হুদা। পরে ২০১১ সালের ৫ এপ্রিল দলের সদস্য পদ ফিরে পান। ২০১২ সালে ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করে ওই বছরের ১০ আগস্ট ‘বিএনএফ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। পরে ২০১৫ সালের ২০ নভেম্বর গঠন করেন ‘তৃণমূল বিএনপি’।

এর আগে ১৯৭৭ সালে জিয়াউর রহমান ‘জাগো দল’ গঠন করলে নাজমুল হুদা তাতে যোগ দেন। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে দলটির প্রতিষ্ঠাতা সদস্য হন। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading