এপিআরসি’র দুইদিন ব্যাপি সভা ঢাকায় কাল শুরু হচ্ছে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
প্রথমবারের মতো দেশে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম। তিনি বলেন, এই সভা আয়োজনের মাধ্যমে দেশ ও দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিতি পাবে এবং বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে।
বৈশ্বিক পুঁজিবাজার এর নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, সংশ্লিষ্ট আইন কানুনের সঙ্গে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি সহ দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, গত বছর আইওএসকো’র এপিআরসি’তে প্রথমবারের মতো সহ-সভাপতি পদে নির্বাচিত হন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থাদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে সহসভাপতির পদ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম ও পরিচালক ফারহানা ফারুকী।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রতিষ্ঠা পাওয়া আইওএসকো’র বর্তমান সদস্য সংখ্যা ২৩৩। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০১৩ সাল থেকে এর সর্বোচ্চ মান ‘এ’ শ্রেণী’র সদস্য হিসেবে রয়েছে। আইওএসকো’র ৪ টি আঞ্চলিক কমিটির মধ্যে এপিআরসি অন্যতম। বর্তমানে ইন্ডিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১ টি দেশ এই আঞ্চলিক কমিটির সদস্য। ২২ ফেব্রুয়ারি বিএসইসি চেয়ারম্যান এবং আইওএসকো’র এপিআরসি’র ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভার উদ্বোধন করবেন। ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের সভার উদ্বোধন করবেন আইওএসকো’র এপিআরসি চেয়ার সিংজেরু আরিঝুমি (ঝযরমবৎঁ অৎররুঁসর)। সমাপনী অনুষ্ঠান ও গালা ডিনার অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
ইউডি/এজেএস

