ইবিকাণ্ড : তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে ফুলপরী
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তদন্ত কমিটির ডাকে ফের ক্যাম্পাসে এসেছেন হল ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন হলের সহকারী রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘তদন্ত কমিটির নির্দেশে দুপুর আনুমানিক ১২টার পর ভুক্তভোগী ও তার বাবা হলে এসেছেন। তদন্তের স্বার্থে সহকারী প্রক্টর জয়শ্রী সেন তাকে নিয়ে আসেন।’
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রথমে বাবার সঙ্গে ফুলপরী প্রক্টর শাহাদৎ হোসেন আজাদের কক্ষে যান। পরে বেলা ১টায় তারা দেশরত্ন শেখ হাসিনা হলে যান।
এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে আসেন ফুলপরী। পরে তিনি নির্যাতনের ঘটনার বিষয়ে সাক্ষ্য দেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম ইসলামকেও জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
১৪ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে নির্যাতনের লিখিত অভিযোগ দেন ফুলপরী। এতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম রাতে তাকে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রজাপতি-২ রুমে যেতে বলেন। অসুস্থ থাকায় সেদিন তিনি যেতে পারেননি। এরপর তাকে হল থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন তাবাসসুম। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি রাতে প্রথম দফা র্যাগিং শেষে তাকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।
অভিযোগে বলা হয়েছে, পরদিন ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৭-৮ জন মিলে তাকে গণরুমে ডেকে নিয়ে নির্যাতন করেন। এ সময় তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারা হয় এবং মুখ চেপে ধরে গালাগাল করা হয়। এমনকি তাকে ময়লার গ্লাস মুখ দিয়ে পরিষ্কার করতে বলেন সানজিদা। পরে তাকে জামা খুলতে বলেন অভিযুক্তরা। জামা না খুললে ফের মারধর করা হয়। এরপর জোর করে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। এ ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেওয়া হয়।
ইউডি/এ

