ইন্ডিয়া হয়ে মোংলা বন্দরে এলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
রাশিয়া থেকে পাঠানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য মোংলা বন্দরে এসে পৌঁছেছে। তবে এ পণ্য ইন্ডিয়া থেকে ট্রানজিট হয়ে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজে করে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।
বন্দরের ৭ নম্বর জেটিতে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে জাহাজটি নোঙর করে।
জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিংলাইনসের পরিচালক এইচএম দুলাল বলেন, ‘রাশিয়া থেকে ৯৮৯ প্যাকেজে এক হাজার ৬৯০ টন পণ্য আসে। এটি ইন্ডিয়ার হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে। এখন সেগুলো খালাস চলছে।’
দুই দিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়কপথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক হাজার ৪৮ টন পণ্য নিয়ে মোংলায় নোঙর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেঁজুতি’। সেই জাহাজের পণ্য ইতোমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত পণ্য খালাস হয় ইন্ডিয়ায়। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।
ইউডি/এ

