‘দেশের উন্নয়নের প্লাটফর্ম তৈরি করেছিলেন পল্লীবন্ধু’
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৪৫
‘দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উন্নয়নের প্লাটফর্ম তৈরি করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। সেই প্লাটফর্মের ভিত্তিতেই আজকে দেশে উন্নয়ন হচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান আওয়ামী লীগ সরকার সুশাসন দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে সুশাসন ফিরিয়ে আনতে হবে। আর সুশাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমার নেতা পল্লীবন্ধু এরশাদ এ দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মাটিকে ভালোবাসতেন, আপনাদের ভালোবাসতেন। দেশের স্বার্থে তিনি কখনও কোনো কম্প্রোমাইজ করেননি। বীর সৈনিকের মতো, বীর যোদ্ধার মতো তিনি দেশের সেবা করে গিয়েছেন।
‘তার আট বছরের শাসনামলে বাংলাদেশের ইঞ্চি জায়গা কোনো দেশ নিতে পারে নাই। তার আমলে বর্ডার ক্লিনিং হয় নাই। কোনো রোহিঙ্গার ঘটনা ঘটে নাই। মসজিদ, মন্দিরের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল তিনিই বাতিল করেছিলেন। তিনি দেশের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন। এক কলমের খোঁচায় ১৩ জেলা থেকে ৬৪ জেলা করেছেন। উপজেলা পরিষদ তৈরি করেছেন। এরশাদ স্যার দেশে সুশাসন দিতে পেরেছিলেন। তার সময়ে দেশের মানুষ সুখে ছিল’, বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি সংসদে গিয়ে এলাকার উন্নয়নের কথা বলেছি। আমার তিন থেকে চার বারের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী তিস্তা ব্রিজের কাজ শুরু করতে নির্দেশ দিয়েছিলেন। এর পরপরই কাজ শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তিস্তা সেতুর কাজ শেষ হবে। নদীভাঙন রোধে আমরা এই মুহূর্তে ৮০০ কোটি টাকার কাজ করছি। এই কাজ শেষ হওয়ার আগেই ইনশাআল্লাহ ১২শ কোটির টাকার প্রকল্প দেব।’
সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন।
শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম-সম্পাদক কওছর আযম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, জেলা জাপা নেতা হাসান কবির তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
মতিয়ার রহমান ডাকুয়াকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও রেজাউল করিম মুক্তিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট শ্রীপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করেন এমপি শামীম।
ইউডি/এ

