নির্বাচনী সংস্কারের বিরোধিতা করে মেক্সিকোতে র্যালি
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০
নির্বাচনী সংস্কারের বিরোধিতা করে মেক্সিকোর বেশ কয়েকটি শহরে বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী মেক্সিকো সিটিতে। আয়োজকরা বলছেন, শহরের মেইন প্লাজায় পাঁচ লাখ মানুষ জড়ো হয়েছিল। যদিও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই সংখ্যাটা ৯০ হাজার। খবর বিবিসির।
মেক্সিকোর আইনপ্রণেতারা গত সপ্তাহে ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউটের (আইএনই) বাজেট কর্তন করতে ভোট দেন। ওই ভোটাভুটিতে আইএনই’র কর্মী ছাঁটাইয়ের পক্ষেও রায় দেন মেক্সিকোর আইনপ্রণেতারা।
মেক্সিকোর প্রেসিডেন্ট মানুয়েল লোপেজ ওবরাদোরের অভিযোগ, আইএনই পক্ষপাতমূলক আচরণ করছে।
তবে সরকারের এমন সিদ্ধান্তকে গণতন্ত্রের ওপর আঘাত বলে বর্ণনা করেছে বিরোধীরা। সরকারি এই সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিতেও সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) মেক্সিকো সিটির ঐতিহাসিক জোকালো স্কয়ারে বিপুল পরিমাণ মানুষ জড়ো হয়। আশপাশের রাস্তাও বিক্ষোভকারীদের দখলে চলে যায়।
ভেরোনিকা একেভারিয়া নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষায় লড়াই করছি।’
এসময় তার মাথায় একটি ক্যাপ পরা ছিল। তাতে লেখা ছিল, ‘আইএনই’র ওপর থেকে হাত সরাও’। বহু বিক্ষোভকারীর হাতেও একই ধরনের স্লোগান সম্বলিত কার্ড দেখা যায়।
ইউডি/এ

