খুলনার ৬ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন স্থগিত
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
খুলনার দুটি উপজেলায় সম্মেলনের পর বাকি ছয়টি উপজেলায় সম্মেলন স্থগিত করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে করা হবে ৬১২টি ওয়ার্ড ও ৬৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। এ লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। দলের এই উদ্যোগে তৃণমূল পর্যায়ে সরব হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় আটটি উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সে অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি দাকোপে এবং ২২ ফেব্রুয়ারি বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু এরপর খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নির্দেশে অন্য ছয়টি উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। তিনি আগে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন, ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান জামাল জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তারা ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছেন। গত শনিবার ফুলতলা উপজেলায় এই কার্যক্রম শুরু করা হয়।
তিনি জানান, জেলার ৯টি উপজেলায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৬১২টি ওয়ার্ড ও ৬৮টি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন করা হবে। এরপর কয়রা, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে। আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই ৬টি উপজেলায় সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালে। সম্প্রতি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনার মোট ৯টি উপজেলার মধ্যে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল ২০১৯ সালে। তখন শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। কিন্তু এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এখন পূর্ণাঙ্গ কমিটি করার জন্য পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। শিগগিরই ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সদস্য সংগ্রহ ও নবায়ন এবং ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে।
ইউডি/এ

