‘ক্ষমতায় এলেই আওয়ামী লীগ মত প্রকাশের স্বাধীনতায় আঘাত করে’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে’ বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।
বিজ্ঞপ্তিতে দৈনিক দিনকাল বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পত্রিকাটির ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষণাপত্র বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে জোটের পক্ষ থেকে।
নেতৃবৃন্দ বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনে গণমাধ্যমের যে স্বাধীনতা নেই তা আবারও প্রমাণিত হলো। দৈনিক দিনকাল পত্রিকাটি দীর্ঘদিন ধরে বিরোধীদলের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছে। বিরোধী দলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের চরম প্রতিহিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ।’
সরকারের সকল অপকর্ম, বিরোধী দলের ওপর দমন নিপীড়ন হত্যা গুম, খুনসহ সকল অপকর্মের সংবাদ দ্বিধাহীনভাবে প্রকাশ করায় দিনকাল সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন ১২ দলের নেতারা।
নেতৃবৃন্দ আরও বলেন, ‘কয়েকদিন আগেই ১৯১টি অনলাইন বন্ধ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত করে। ১৯৭৫ সালে আওয়ামী লীগ সরকার চারটি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা ছাড়া বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকারও তাদের একদলীয় ব্যবস্থার কায়েম করতে আবারও গণমাধ্যমের ওপর জুলুম চালাচ্ছে এবং কর্তৃত্ব কায়েম করেছে। সরকারের লুটপাট ও দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদেরও চরমভাবে হেনস্থা করা হচ্ছে।’
ইউডি/এ

