এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ

এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:২৭

সংসদ সদস্যদের মোবাইল ফোন হ্যাক করে জরুরি টাকার কথা বলে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনাও ঘটছে বলে সংসদে সতর্ক করেছেন তিনি। এসব বিষয়ে সংসদ সদস্যদের সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বিটিআরসি কাজ শুরু করেছে বলেও জানান চিফ হুইপ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বিষয়টি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, বুধবার তিনজন সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন, তাঁদের নম্বর থেকে জরুরি ভিত্তিতে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পাঠাতে বলা হয়েছে। তিনটি নম্বরেই এ ধরনের বার্তা এসেছে।

তিনি বলেন, যেসব নম্বর থেকে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে, সেসব নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। এতে ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট সংসদ সদস্যদের মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে।

চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের এ বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া জরুরি। ভয়েস ক্লোন করে এবং বিভিন্ন কাগজপত্র ব্যবহার করেও প্রতারণার চেষ্টা চলছে। এমনকি কারও কারও স্বাক্ষর জাল করে নথি উপস্থাপনের ঘটনাও ঘটছে। বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের সংসদ সদস্যরাও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন বলে জানান তিনি।

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে, যাতে এ ধরনের প্রতারণার সুযোগ কেউ নিতে না পারে।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন বা এ ধরনের প্রতারণার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দায়ী করা যায় না। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানানোর জন্য তিনি চিফ হুইপের প্রতি আহ্বান জানান।

জবাবে চিফ হুইপ বলেন, বিষয়টি নিয়ে বুধবারই আলোচনা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসি কাজ শুরু করেছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যদের ফেস রিডিং করে সংসদ কক্ষে প্রবেশের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন চিফ হুইপ। তিনি বলেন, সংসদের সব লবিতে ফেস রিডিং ডিভাইস থাকলেও সেগুলোতে নিয়মিত ফেস রিডিং করা হচ্ছে না। সংসদ থেকে তাঁকে জানানো হয়েছে, সব সংসদ সদস্য যেন ফেস রিডিং করে সংসদ কক্ষে প্রবেশ করেন। তাই সদস্যদের সংসদ ভবন থেকে বের হওয়ার সময়ও ফেস রিডিং সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading