মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১০:৩০
যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। এর আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন। এখন শুধু চারটি স্টেশন-‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’ বাকি।
বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায় মিরপুর-১০ স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়।
গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মিরপুর-১০ স্টেশন চালু করা হবে ১ মার্চ থেকে। এ ছাড়া মার্চ মাসের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা বাকি স্টেশনগুলো অর্থাৎ পুরো ৯টি স্টেশনই চালু করা হবে।
ওই দিন এম এ এন ছিদ্দিক বলেন, মার্চ মাসের মধ্যে সব কটি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে।
ডিএমটিসিএল জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর-১০ মেট্রো স্টেশনে যাত্রী চলাচল শুরু হবে। এর আধা ঘণ্টা আগে সকাল ৮টা থেকে স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।
ইউডি/এ

