শান্তর ফিফটিতে টাইগারদের ‘মান রক্ষা’
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৪৫
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শান্ত-রিয়াদের ব্যাটে ভর করে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। বাঁহাতি এই ওপেনারের ব্যাটেই মূলত মান রক্ষা হয় বাংলাদেশের। ইংল্যান্ডের আর্চার, মার্ক উড, আদিল রশিদ ও মঈন আলী নেন দুইটি করে উইকেট।
বুধবার (০১ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৫ বলে সাত রান করে বিদায় নেন ওপেনার লিটন দাস। ইংলিশ পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। এরপর টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৫১ রানে।
মার্ক উডের বলে স্টাম্প ভাঙে অধিনায়ক তামিম ইকবালের। এরপর একে একে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ১৭ ও সাকিব আট রানে আউট হন।
ব্যাটারদের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন বিপিএল মাতানো শান্ত। তিন নম্বরে খেলতে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেতে ৬৭ বল খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার।
ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনিও। মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা করলেও ৩১ রানের বেশি করতে পারেননি তিনি। সাত রান করে আফিফের বিদায়ের পর মিরাজ করেন ৯ রান। শেষ দিকে তাসকিন ১৪ ও তাইজুলের ব্যাট থেকে আসে ১০ রান।
ইউডি/এ

