সৌদির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪০
সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সঙ্গে সৌদি বাণিজ্য ও মিডিয়াবিষয়কমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির বৈঠকে হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌদি বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।
ফেডারেশন অব সৌদি চেম্বার এন্ড কমার্স এবং এফবিসিসিআইয়ের মধ্যে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ‘যৌথ বিজনেস কাউন্সিল’-এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন সময়ে অনুষ্ঠানের বিষয়েও সভায় আলোচনা হয়।
বৈঠকে ইতোপূর্বে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ থেকে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তা কামনা করা হলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সৌদি বাণিজ্যমন্ত্রীর কাছে যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন। সৌদি বাণিজ্যমন্ত্রী দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
সালমান এফ রহমান Saudi Basic Industries Corporation (SABIC)-এর সিইও আব্দুল রহমান আল ফাগির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনসংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়। SABIC সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন।
উপদেষ্টা সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাকশিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে আর্টিফিসিয়াল ফেব্রিক তৈরিতে SABIC এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে SABIC সিইও সে ব্যাপারেও একমত পোষণ করেন। এ বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের SABIC-এর সঙ্গে আলোচনার জন্য স্বাগত জানান।
উপদেষ্টা সালমান এফ রহমান আব্দুল রহমান আল ফাগিকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুদেশের মধ্যে চলমান চমৎকার সম্পর্ককে অর্থনৈতিক ক্ষেত্রে কার্যকর সম্প্রসারণের পারস্পারিক আশ্বাসের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়। এ সব বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইউডি/এ

