চিকিৎসকের ওপর হামলা: অভিযুক্ত এএসআই নাঈমুজ্জামানকে প্রত্যাহার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১০:১৫
খুলনায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখকে সাতক্ষীরা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এদিকে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার হামলাকারী নাঈমকে গ্রেপ্তারের দাবিতে বেলা ১১টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।
তিনি জানান, সকাল দশটায় বিভাগীয় কমিশনার বিএমএ নেতাদেরকে নিয়ে বৈঠক করেন। এরপর বেলা ১১টায় বিএমএ কার্যালয়ে চিকিৎসকদের জরুরি সভা আহ্বান করা হয়। সেই সভায় কর্মবিরতি অব্যাহত থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হোসেন জানান, সকাল সাড়ে ৯টা থেকে হাসপাতালের আউটডোরে রোগীদের কাছে টিকিট বিক্রি শুরু হয়েছে। কর্মবিরতি যদি প্রত্যাহার হয় তাহলে রোগীরা ডাক্তার দেখাতে পারবেন।
কিন্তু আধা ঘণ্টা টিকিট বিক্রি করার পর আবার তা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে খুলনার সব সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি এখনও অব্যাহত রয়েছে।
ইউডি/এ

