ভূমিকম্পের উদ্ধারকারী কুকুরদের সম্মান জানাল তুরস্ক
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১০:৩০
তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া শত শত ভবনের নিচে আটকা পড়েন হাজার হাজার মানুষ। আটকে পড়াদের উদ্ধারে তুরস্কে উদ্ধারকারী পাঠায় পৃথিবীর প্রায় সব দেশ। উদ্ধারকারী ছাড়াও বিশেষ প্রশিক্ষিত কুকুর পাঠায় মেক্সিকো, কিরগিজস্তান, চীন, থাইল্যান্ড, হাঙ্গেরি এবং আমেরিকা।
প্রায় এক মাস উদ্ধারকাজ চালানোর পর নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে ওই কুকুরগুলো। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় এবার এসব কুকুরকে বিশেষ সম্মান জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা তার্কিস এয়ারলাইন্স।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য নিউ আরব।
কুকুরগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের প্রথম শ্রেণি ও বিজনেস ক্লাসে করে নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (০৪ মার্চ) এ ব্যাপারে তার্কিস এয়ারলাইন্সের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘এই বীর কুকুরদের সম্মান জানাতে আমাদের অন্তত এটি করার ছিল।’
যেসব কুকুর তুরস্কে এসেছিল সেগুলোর মধ্যে কয়েকটি ২০১৭ সালে অংশ নিয়েছিল মেক্সিকোর ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে।
ইউডি/এ

