ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে আগুন, নিহত ১৯

ইন্দোনেশিয়ায় জ্বালানি ডিপোতে আগুন, নিহত ১৯

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১০:৪৫

ইন্দোনেশিয়ার জাকার্তায় জ্বালানি স্টোরেজ ডিপোতে আগুন লেগে দুই শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন। এ ঘটনায় এখনও তিন জন নিখোঁজ রয়েছেন। আগুনে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষে এখন নিখোঁজদের খোঁজা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (০৩ মার্চ) রাত ৮টার দিকে পেরটামিনার প্লাম্পাং ফুয়েল স্টোরেজ ডিপোর একটি জ্বালানি পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনিই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আল জাজিরার খবরে বলা হয়, আহতদের অনেকে গুরুতর দগ্ধ হয়েছে। নিরাপত্তা বিবেচনায় ডিপোর কাছাকাছি আবাসিক এলাকার শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

উত্তর জাকার্তা রেড ক্রস বলছে, ৩৪২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য চারটি তাঁবু স্থাপন করা হয়েছে।

রোববারও (০৫ মার্চ) আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা।

দেশটির জাতীয় পুলিশ প্রধান জেনারেল লিস্টিও সিগিত প্রবোও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে- পশ্চিম জাভা প্রদেশের পের্টামিনার বালোনগান শোধনাগার থেকে ডিপোটি জ্বালানি গ্রহণ করার কারণে অতিরিক্ত চাপের সঙ্গে জড়িত প্রযুক্তিগত সমস্যার কারণে আগুন লাগে।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে পের্টামিনায় উৎপাদিত এক ধরনের জ্বালানি তেলের কথা উল্লেখ করে লিস্টিও বলেন, “জানা গেছে যে পার্টাম্যাক্স জ্বালানি ভর্তি করার সময় আগুন লেগেছিল।”

যেহেতু এখনও তদন্ত চলছে তাই তিনি বিস্তারিত কিছু বলেননি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading